
বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী রেং ত্লাংয়ের দুর্গম এলাকায় কথিত কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ), যা বম পার্টি নামে পরিচিত, তাদের একটি গোপন প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত প্রায় এক মাসব্যাপী একটি বিশেষ সামরিক অভিযান পরিচালিত হয়। অভিযানকালে জনবসতিহীন সীমান্তবর্তী এলাকায় কেএনএ’র একটি প্রশিক্ষণ ক্যাম্প শনাক্ত করে সেনাবাহিনীর টহল দল। পরে সেখানে ব্যাপক তল্লাশি চালানো হয়।
অভিযান প্রশিক্ষণে ব্যবহৃত কাঠের তৈরি রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ রাখার বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ ও অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
আইএসপিআর ছবি: বান্দরবানে দুর্গম রেং ব্লাং এলাকায় সন্ধানপ্রাপ্ত বম পার্টির (তথাকথিত কেএনএ) ক্যাম্প হতে উদ্ধারকৃত সরঞ্জামাদি
এছাড়াও, ওই এলাকায় গড়ে তোলা প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা ও বিভিন্ন কৌশলগত স্থাপনাও দখলে নেয় সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।