প্রার্থীদের প্রচারণা সংক্রান্ত নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য দলীয় প্রার্থী, নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী আগামী ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কোনো প্রার্থী বা রাজনৈতিক দল মাঠে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে—বিশেষ করে ফেসবুকে—কোনো ধরনের প্রচারণা চালাতে পারবে না।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে এ আহ্বান জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন মনিটরিং সেলের সদস্য সচিব মাওলানা বাহা উদদীন যাকারিয়া।

বিবৃতিতে তারা বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আওতায় পোস্টার, ব্যানার, ডিজিটাল প্রচারণা, ফেসবুক লাইভ, প্রচারমূলক পোস্ট, ভিডিও ক্লিপ শেয়ার বা প্রকাশ—সবই স্পষ্টভাবে নিষিদ্ধ। এসব বিধি লঙ্ঘনের ফলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল পর্যন্ত করতে পারে।

নেতৃদ্বয় আরও বলেন, দলীয় শৃঙ্খলা ও আইনগত জটিলতা এড়াতে সকল প্রার্থী ও সংশ্লিষ্টদেরকে ২২ জানুয়ারির পূর্ব পর্যন্ত যেকোনো ধরনের প্রচারণা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশন নির্ধারিত সময়ে প্রচারণা শুরু হলে দায়িত্বশীল ও সুশৃঙ্খলভাবে মাঠে নামার প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *