
কক্সবাজারে ইসলামিক রিসার্চ সেন্টারের ২১তম বার্ষিক সভায় বক্তব্য রাখতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এই দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি।
শনিবার (২১ ডিসেম্বর) রাতে আয়োজিত সভায় তিনি আরও বলেন, গত ১৬-১৭ বছরের সমস্যাগুলো কয়েক মাসে সমাধান সম্ভব নয়। তবে সরকারের সংস্কার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সিইসিসহ নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে এবং জানুয়ারিতে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। আগামী মার্চের মধ্যে রাষ্ট্রের সংস্কার কার্যক্রম সম্পন্ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
যাকাত ব্যবস্থাপনা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, হাজার হাজার কোটি টাকার যাকাত দেওয়া হলেও তা সঠিকভাবে গরিবের কাছে পৌঁছায় না। যাকাতের সঠিক বণ্টন নিশ্চিত করা গেলে ১০ বছরের মধ্যে দেশে কোনো ভিক্ষুক থাকবে না।
এসময় তিনি রাষ্ট্রের সার্বিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।