
এক সপ্তাহের যৌথ অভিযানে ২৮৯ জন গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) আইএসপিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। এরই অংশ হিসেবে ১৩ থেকে ১৯ মার্চ পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।
এই যৌথ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, একাধিক মামলার আসামি, ডাকাত দলের সদস্য, ছিনতাইকারী, অপহরণকারী, দালাল চক্রের সদস্য, ভেজাল খাদ্য প্রস্তুতকারী, কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ীসহ মোট ২৪৯ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার অপরাধীদের কাছ হতে ৬টি অবৈধ অস্ত্র, ১০২টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ককটেল বোমা, মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, পাসপোর্ট, অবৈধ বৈদেশিক মুদ্রা, এনআইডি, চোরাই মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, সিমকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও, দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি পোশাক কারখানায় বেতন ও বোনাস সংক্রান্ত শ্রমিক অসন্তোষের ফলে সড়ক অবরোধসহ বিভিন্ন জনদুর্ভোগ সৃষ্টি হয়, যা নিরসনে সেনাবাহিনীর সদস্যরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।