রমজানে বাজার স্থিতিশীল রাখতে নৌপথে কোস্ট গার্ডের অভিযান

রমজানে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করছে বাংলাদেশ কোস্ট গার্ড। গেল এক মাসে ১০৮৫টি বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান পরিচালনা করেছে সংস্থাটি।

সোমবার (১০ মার্চ) সরেজমিনে দেখা যায়, ঢাকা-চাঁদপুর-বরিশাল ও চট্টগ্রাম নৌরুটে যাত্রী ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড কাজ করছে। ফলে যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারছেন এবং নৌযানে চুরি-ডাকাতির ঘটনা শূন্যের কোটায় নেমে এসেছে।

কোস্ট গার্ডের ঢাকা জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার তাকিউল আহসান জানান, রমজানে ভাসমান গুদাম গড়ে কৃত্রিম সংকট তৈরি ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বিশেষ করে, লাইটার ও অন্যান্য নৌযানে রাত্রিকালীন বিশেষ টহল টিম কাজ করছে।

এছাড়া সুন্দরবন ও সেন্ট মার্টিনে ট্যুরিস্ট জাহাজের নিরাপত্তায়ও কাজ করছে কোস্ট গার্ড। পাশাপাশি, বহিঃনোঙ্গরে চুরি, চাঁদাবাজি, মাদক পাচার বন্ধে বছরব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে।

কোস্ট গার্ডের দাবি, এসব পদক্ষেপের ফলে রমজানে ভোজ্য তেলসহ অন্যান্য নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে এবং দেশের অর্থনীতির গতিশীলতা বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *