রায়েরবাজারে দুটি সামুরাইসহ কিশোর গ্যাংয়ের সাত সদস্য গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে দুটি ধারালো সামুরাই উদ্ধার করা হয়েছে।

বসিলা সেনাক্যাম্প সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২ জানুয়ারি) রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্প জানতে পারে, রায়েরবাজার এলাকায় একটি অপরাধী চক্র ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রথমে ইকবাল হোসেন (২৯) ও মিঠুন মির্দা (২৭) নামে দুই অপরাধীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অন্যান্য সহযোগীদের তথ্য দিলে, পরবর্তী অভিযান চালিয়ে মোহাম্মদপুরের লাউতলা থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- মো. আলী, নূরনবী ইসলাম, মো. সুমন, মো. রব্বি এবং মো. শাকিল। তাদের কাছ থেকে দুটি ধারালো সামুরাই উদ্ধার করা হয়, যেগুলো দিয়ে তারা এলাকার লোকজনের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে চাঁদাবাজি ও ছিনতাই করছিল।

পরবর্তীকালে গ্রেপ্তারকৃত সকল সদস্যকে উদ্ধারকৃত অস্ত্রসহ মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এলাকাবাসী সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর অভিযানে সন্তোষ প্রকাশ করেছে এবং তারা আশা করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *