
শাহবাগী নাস্তিক-মুরতাদরা আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি বলেছেন, শাহবাগী নাস্তিক-মুরতাদরা গণঅভ্যুত্থানের এই সরকারকে বেকায়দায় ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।
আজ বুধবার (১২ মার্চ) জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার উদ্বোধন করেন যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।
মামুনুল হক আরও বলেন, আল্লাহ ও রসুল সা.-এর নামে কটূক্তি ও অশ্লীল কথা বলে তৌহিদি জনতার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে যাচ্ছে প্রগতিশীল নামধারী, নাস্তিক-মুরতাদরা। এরা কাদের ইশারায় এসব করছে তা সরকারকে খতিয়ে দেখতে হবে। শাতিমদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে; নাহলে এদের অনাচার থামবে না।
প্রগতিশীল ঘরানার ভাইবোনদের উদ্দেশে মামুনুল হক বলেন, তারা যতই আপনাদের গোত্রের হোক, আপনারা শাতিমদের প্রশ্রয় দেবেন না। আপনারাও নিন্দা জানান। আপনাদেরও দায় আছে। আপনারা চুপ থাকা মানে মৌন সমর্থন দিচ্ছেন বলে আমরা ধরে নেব। এটা হতে পারে না।