
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে র্যাব-১। এসময় মাদক পাচারের অভিযোগে সোহেল রানা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পিকআপ থেকে মোট ৭১৬ বোতল মদ উদ্ধার করা হয়, যার পরিমাণ ৫৩৭ লিটার।
র্যাব-১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত ও বিমানবন্দর থানাধীন এলাকায় একটি অভিযান চালানো হয়। ট্রান্সপারেন্সি কোহিনূর, নিকুঞ্জ-২ এলাকায় চালকবিহীন একটি পিকআপ ভ্যান দেখতে পেয়ে র্যাব সদস্যরা আশেপাশে ছদ্মবেশে অবস্থান নেন। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর পিকআপটির চালক সোহেল রানা সেখানে এলে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর সোহেল রানার কাছ থেকে ৭১৬ বোতল মদ, দুটি মোবাইল ফোন, একটি পিকআপ ভ্যান এবং নগদ ১০ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সে শুধুমাত্র চুক্তিভিত্তিক এই মাদক বহন করছিল এবং নির্দিষ্ট একটি স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব পেয়েছিল। মাদকগুলোর উৎস সম্পর্কে সে কোনো তথ্য দিতে পারেনি। এই অবৈধ মাদক পাচারকারী চক্রের মূল হোতাদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলে র্যাব জানিয়েছে।
উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।