হারানো ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফেরত

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ। মোবাইল ফোন হারানোর পর মালিকদের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোনগুলো দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।

থানা সূত্রে জানা গেছে, গত ১ থেকে ৩১ আগস্ট মধ্যে এসব মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হুসাইন মুহাম্মাদ ফারাবী এবং পল্টন থানার এএসআই ইকবাল হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সোমবার (১ সেপ্টেম্বর) পল্টন থানার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মতিঝিল জোনের এসি হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরুল আমীন।

পল্টন থানা সূত্রে আরও জানা গেছে, গত আট মাসে পল্টন থানা পুলিশ প্রায় ৩৫০টির বেশি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে।

হারানো ফোন ফিরে পেয়ে খুশি মোবাইল ফোন মালিকরা ডিএমপি ও পল্টন থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *