দুর্গত মানুষের সাহায্যে সরকারের কোন তৎপরতা নেই -খেলাফত মজলিস

সিলেট-সুনামগঞ্জসহ বৃহত্তর সিলেট ও রংপুর-কুড়িগ্রামসহ উত্তরবঙ্গের বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। আজ এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বন্যাদুর্গত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ভারি বর্ষণ আর ভারত থেকে আসা ঢলের পানিতে সিলেট, সুনামগঞ্জসহ বৃহত্তর সিলেটের লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ায় কুড়িগ্রাম, রংপুরসহ উত্তরবঙ্গের বন্যা পরিস্থির অবনতি হচ্ছে। এ অবস্থায় বন্যাদুর্গত এলাকায় সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য ত্রাণ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। দুর্গত মানুষের সাহায্যে সরকারের তেমন কোন তৎপরতা লক্ষ করা যাচ্ছে না।

বিবৃতিতে নেতৃদ্বয় বন্যাকবলিত অঞ্চলে প্রয়োজনীয় ত্রাণ তৎপরতার জন্য সরকারের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ ও ত্রাণ বরাদ্দের দাবি জানান। একইসাথে নেতৃদ্বয় খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীসহ সমাজের সামর্থবানদেরকেও বন্যাকবলিত এলাকার দুর্গত মানুষের সাহায্যে জোরদার ত্রাণ তৎপরতার আহ্বান জানান।