
গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় আহত একজন ফিলিস্তিনি সাংবাদিক ১ জুলাই, সোমবার মারা গেছেন। ফলে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা ১৫৩ জনে পৌঁছেছে। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার এই তথ্য জানিয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় শামস নিউজ এজেন্সির সাংবাদিক মোহাম্মদ মাহমুদ আবু শরীয়াহ ২৯ জুন, শনিবার তার বাড়ি লক্ষ্য করে করা হামলায় গুরুতর আহত হন। সোমবার তিনি মারা যান।
নিউইয়র্কভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) বলেছে, গাজার যুদ্ধ সাংবাদিকদের জন্য সবচেয়ে মারাত্মক হয়ে উঠেছে। সংস্থাটি ১৯৯২ সাল থেকে বিশ্বব্যাপী সাংবাদিক হত্যার ঘটনা নথিভুক্ত করা শুরু করেছে।
গত ফেব্রুয়ারি মাসে ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্টস (আইসিএফজে) জানিয়েছে, গাজা যুদ্ধে ৩০ বছরের মধ্যে সাংবাদিকদের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার সহিংসতা দেখা গেছে।
ইসরায়েল অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব লঙ্ঘন করে গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। প্রায় ৯ মাস ধরে চলা এই যুদ্ধে প্রায় ৩৭ হাজার ৯০০ জন ফিলিস্তিনি নিহত এবং অন্তত ৮৭ হাজার আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু।
সূত্র: আনাদোলু এজেন্সি