সীমান্ত থেকে নারীসহ মানবপাচারে জড়িত দুইজন আটক

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের ঘটনায় এক নারীসহ মানবপাচারের সঙ্গে জড়িত আরও দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে সাতক্ষীরার লক্ষীদাঁড়ী সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

আটক সানজিদার (১৯) বাড়ি নারায়নগঞ্জ জেলার বন্দর থানা ও বন্দর গ্রামে। তার পিতার নাম আব্দুল মান্নান। পাচারকারী চক্রের অপর দুই সদস্য সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাঁড়ি গ্রামের তারোক মন্ডলের ছেলে অমল মন্ডল (৩২) এবং রুহুল আমিনের ছেলে নুর ইসলাম (৩০)।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটের সময় ভারত থেকে অবৈধভাবে ভোমরা সীমান্তের সীমান্ত পিলার ৪/২-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাঁড়ী নামক স্থানে প্রবেশ করলে সানজিদাকে আটক করে ভোমরা বিওপির বিজিবির জোয়ানরা। এসময় তার কাছ থেকে ৩৫ হাজার টাকা মূল্যের দুটি ভারতীয় পোকো মোবাইল উদ্ধার করে। এসময় তার সঙ্গে থাকা পাচারকারী চক্রের আরও দুই সদস্য অমল মন্ডল এবং নুর ইসলামকেও আটক করা হয়।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সানজিদা স্বীকার করেন, তিনি দুই মাস আগে দালালের মাধ্যমে বিনাপাসপোর্টে যশোর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন।

পাসপোর্টবিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটক বাংলাদেশি নাগরিক ও মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে পাচারকারীদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *