
বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার সঙ্গে জড়িত নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। গ্রেপ্তার ওই নেতার নাম মো. আবুল হাসান (৪০)। শুক্রবার (৩ জানুয়ারি) ভোর সোয়া ৪টায় রাজধানীর মনিপুরিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণকালে বেগম খালেদা জিয়ার নির্বাচনি গাড়িবহরে ওই হামলার ঘটনা ঘটে।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, ২০১৫ সালে এপ্রিল মাসের ২০ তারিখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনি প্রচারণা চলছিল। সেই নির্বাচনি প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। সেই প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনায় গত ২২ আগস্ট তেজগাঁও থানায় দায়ের করা মামলার এজাহারনামীয় এই আসামিকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত হাসান তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু আছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।