আগামী সপ্তাহের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্তের সিদ্ধান্ত: উপদেষ্টা মাহফুজ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা চলছে। সরকার সব পক্ষের সাথে কথা বলে এ নিয়ে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবে।

বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাওয়ালী বা এমন অনুষ্ঠানে অনেক সময় হামলা হয়েছে। এরপর থেকে কোনো গান বা সুফি সাধকদের আসরে হামলা হলে আর ছাড় দেয়া হবে না।

মাহফুজ আলম বলেন, পাঁচ আগস্টের পর যা যা ঘটেছে তা নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আপনারা এসব ঘটনায় মামলা করতে পারেন। ঘোষণাপত্র আনতে বেশি দেরি হবে না। সবার সাথে কথা বলায় একটু দেরি হতে পারে। আশা করি শিক্ষার্থীরা ধৈর্য ধারণ করবেন।

এসময় তিনি আরও বলেন, আনুষ্ঠানিকভাবে আগামী সপ্তাহ থেকে বসা শুরু করবো রাজনৈতিক দলগুলোর সাথে। গত ১৬ বছরে যারাই রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে তাদের সবার কথাই আশা করি ঘোষণাপত্রে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *