নেত্রকোণায় পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা

নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম (৪৫) নামে এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাত ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের তার মৃত্যু হয়। রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া। 

এর আগে সন্ধ্যার পর পৌরশহরের উকিলপাড়ার পানমহল সংলগ্ন গলি সড়কে এ ঘটনা ঘটে। 

আহত পুলিশ সদস্য উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও এলাকার রফিকুল ইসলামের ছেলে।
স্ত্রী সন্তানদের নিয়ে পৌর শহরের বাগিচাপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি জামালপুরে বেতারে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছে তার পরিবারের সদস্যরা। 

স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ৬টা ২১ মিনিটে পান মহল সংলগ্ন সড়কে আগে থেকেই অবস্থান নিয়ে রাখা কয়েকজন দুর্বৃত্ত আচমকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে ঘেরাও করে হাতে এবং পায়ে কোপাতে শুরু করে। 

এ সময় তিনি একাধিকবার পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ঘিরে ধরে। সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে হামলাকারী সবাই তরুণ ছিল।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

রাত ৯টার পর ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে নিহতের ছোট ছেলে রাফিউল ইসলাম জানান, বুধবার সন্ধায় ছুটিতে দুর্গাপুর এসেছিলেন শফিকুল ইসলাম। শুক্রবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে ময়মনসিংহে একটি ভাড়াবাড়িতে ওঠার কথা ছিল তাদের। তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। 

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া জানান, এসআই শফিকুল ইসলাম জামালপুরে বেতার এ কর্মরত আছেন। গত ৮ জানুয়ারি ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। সন্ধ্যার পর কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করলে স্থানীয়রা উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 

পরে সেখানে তার মৃত্যু হয়। এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি। তবে আলামত হিসেবে সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভিডিও দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলাও প্রক্রিয়াধীন রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *