গাজার ধ্বংসস্তূপ থেকে একের পর এক উদ্ধার হচ্ছে মরদেহ

যুদ্ধবিরতির পর গাজার ধ্বংসস্তূপ থেকে একের পর এক উদ্ধার করা হচ্ছে মরদেহ। শুধু রাফাহ শহরের ধ্বংসস্তূপ থেকেই ৯৭ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো গাজার ইউরোপীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


মেডিকেল সূত্রের বরাতে আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ধ্বংসপ্রাপ্ত রাফাহ শহরের বিভিন্ন এলাকা থেকে ৯৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে।

দীর্ঘ ১৫ মাস যুদ্ধের পর অনেক ফিলিস্তিনি এরই মধ্যে বাড়িতে ফিরতে শুরু করেছেন। এ নিয়ে অনেকে উল্লাস করছেন। তবে অনেকের মধ্যেই বিষাদের সুর। কেননা তাদের স্বজন কিংবা সাজানো বাড়ি আর বাড়ি নেই, ধ্বংসস্তুপে পরিণত হয়েছে সব সম্পদ।

গাজায় ইসরায়েলের যুদ্ধে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৪৬ হাজার ৯১৩ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১০ হাজার ৭৫০ জন আহত হয়েছে। ধ্বংস্তূপের নিচে অনেক মরদেহ থাকতে পারে বলে ধারণা করে হচ্ছে।

জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে, গাজার ৯২ শতাংশ বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। চার লাখ ১৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এক লাখ ৬০ হাজার বাড়ি পুরোপুরি ধ্বংস এবং দুই লাখ ৭৬ হাজার বাড়ি ব্যাপকভাবে বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *