আমি দেশ বিক্রি করে দিতে পারি না, খনিজ সম্পদ ইস্যুতে জেলেনস্কি

ইউক্রেনের লিথিয়াম, টাইটানিয়ামসহ বিরল খনিজ সম্পদের ৫০ শতাংশ মালিকানা পেতে সম্প্রতি দেশটিকে প্রস্তাব দিয়েছে মার্কিন প্রশাসন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি বক্তব্যে এ ধরনের কথা বলেন।

এ সংক্রান্ত প্রশ্নের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “আমি ইউক্রেনকে রক্ষা করছি। আমি আমাদের দেশকে বিক্রি করে দিতে পারি না।”

বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জেলেনস্কি বলেন, “আমি প্রস্তাবটির প্রথম খসড়া নাকচ করে দিয়েছি। ওই প্রস্তাব মেনে নিলে যুক্তরাষ্ট্রকে আমাদের খনিজ সম্পদের প্রায় ৫০ শতাংশের মালিকানা দিতে হবে। কিন্তু তা সত্ত্বেও প্রস্তাবে (ইউক্রেনের) নিরাপত্তার কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি।”

জেলেনস্কির জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে, ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “বর্তমানে আমার জনপ্রিয়তা অনেক বেশি। তাই এখন কেউ আমাকে সরাতে চাইলে তা কার্যকর হবে না।”

সাম্প্রতিক জরিপের উদ্ধৃতি দিয়ে জেলেনস্কি বলেন, নেতা হিসেবে ইউক্রেনের প্রায় ৫৮ শতাংশ মানুষ আমার ওপর আস্থা রাখে।

তিনি বলেন, “রাশিয়া প্রচুর অপতথ্য ছড়াচ্ছে। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অপতথ্যের জগতে বাস করছেন।”

সম্প্রতি ট্রাম্প মন্তব্য করে বলেছিলেন, জেলেনস্কির জনপ্রিয়তা ৪ শতাংশে নেমে এসেছে।

সূত্র: রয়টার্স, বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *