ইফতারের জন্য মেট্রোরেলে নেওয়া যাবে পানি

আসন্ন রমজান উপলক্ষ্যে ইফতারের জন্য মেট্রোরেল স্টেশনের প্ল্যাটফরম ও ট্রেনে ২৫০ মিলিলিটার পরিমাণ পানি পরিবহন করার অনুমতি দিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল)।

রমজান মাস উপলক্ষে মেট্রো রেল চলাচলের সময়সূচির বিষয়ে গত ২৭ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উলাহ শরিফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, পবিত্র রমজানের সময় ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রো রেল ও স্টেশন এলাকায় শুধু ২৫০ মিলি লিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায় সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।

ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফরম/কনকোর্স/প্রবেশ ও বাহির হওয়ার গেটে থাকা ডাস্টবিনে ফেলতে হবে। কোনো অবস্থাতেই প্ল্যাটফরম, কনকোর্স ও মেট্রো রেলে ভেতর অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

এছাড়াও মেট্রোর সময়সূচির বিষয়ে বলা হয়, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে। এ ছাড়া অন্যান্য দিনে সর্বপ্রথম মেট্রো রেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে ও সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *