মুন্সিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ২

মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক-অস্ত্র ও নগদ টাকা সহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে ২টা পর্যন্ত মোল্লাকান্দির আলোচিত একাধিক মামলার আসামি মিল্টন মল্লিকের পূর্ব মাকহাটি এলাকার বাড়িতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়।

আজ রোববার (৯ মার্চ) সকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ কামরান হাসান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযানে মিল্টন মল্লিকের বাড়িতে অবৈধ ১৪টি দেশীয় অস্ত্র, ৩৪ বোতল বিদেশি মদ, ১টি সুজুকি মোটরসাইকেল, ২টি সাংবাদিক আইডি কার্ড, ৭টি মোবাইল ফোন, ৭ টি চকলেট বাজি বোমা, ২টি ল্যাপটপ ও নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়। তবে, ঘটনাস্থল থেকে আসামি মিল্টন মল্লিক কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল হতে সন্দেহভাজন হিসেবে মো. সিফাত মল্লিক (২৫) ও মো. নাসির সরদারকে (৪২) গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *