
নারায়ণগঞ্জের বন্দর থানার রাজবাড়ি এলাকায় বুধবার দিনগত রাত ৩ টার দিকে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ৯৭ বোতল ফেনসিডিল সহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে নারায়ণগঞ্জস্থ র্যাব-১১ এর একটি টিম। এ সময় জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ।
গ্রেপ্তারকৃতরা হলো, বন্দরের একরামপুর এলাকার মৃত মেছের আলী সরদারের পুত্র মো. আমির (৩৭), জব্দকৃত পিকআপ ভ্যানের হেলপার কুমিল্লার কোতোয়ালি মডেল থানাধীন জগন্নাথপুর এলাকার মো. আজাদের পুত্র মো. আকবর হোসেন (৩১), জব্দকৃত পিকআপ ভ্যানের ড্রাইভার কাসেরাপট্টি এলাকার হোসাইনের পুত্র মো. জিয়ান (১৯), কুমিল্লার চান্দিনা থানার হরিণচৈত্রি এলাকার ইদ্রিস আলির পুত্র মো. আরিফ (৩৮) ও দারোরা এলাকার শফিকুল ইসলামের পুত্র হানিফ হোসেন (৩৫)।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামিগণ পরস্পর যোগসাজশে জব্দকৃত পিকআপ ভ্যানে করে কুমিল্লা থেকে একটি বিশেষ কৌশলে করে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ৯৭ বোতল ফেনসিডিল আনায়ন করে নিজেদের হেফাজতে রেখেছিল। এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উক্ত অভিযুক্তদেরকে বর্ণিত আলামতসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।