বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক স্থাপনের জন্য উন্মুখ ভারত

বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক চায় ভারত। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারত বাংলাদেশের সাথে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক স্থাপনের জন্য উন্মুখ। আমরা একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে।’

তিনি বলেন, ‘বাণিজ্যিক সমস্যাগুলোর ক্ষেত্রে গত সপ্তাহে, আমরা ট্রান্সশিপমেন্ট সুবিধা সম্পর্কে একটি ঘোষণা দিয়েছিলাম।’

জয়সওয়াল জানান, বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করলে নেপাল ও ভুটানের সাথে ঢাকার বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না।

বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট–সুবিধা বাতিল করা নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, গত সপ্তাহে আমরা ট্রান্সশিপমেন্ট সুবিধা সম্পর্কে একটি ঘোষণা দিয়েছিলাম। আমাদের বন্দর এবং বিমানবন্দরগুলিতে আমরা যে যানজট দেখতে পাই তার কারণে আমরা এই ব্যবস্থা নিয়েছিলাম। আর এটা কোনোভাবেই নেপাল এবং ভুটানে বাংলাদেশের রপ্তানিকে প্রভাবিত করে না। তাই আমাদের আঞ্চলিক বাণিজ্যের প্রসার ঘটানো দরকার। তাই আমি ভারত-বাংলাদেশ সম্পর্ককে এভাবেই দেখব।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। দীর্ঘ ১৫ বছর পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় এই সফর। এছাড়া চলতি মাসেই বাংলাদেশে আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

এ বিষয়টি ভারত কোন চোখে দেখছে জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, ‘বিষয়টি আমাদের নজরে রয়েছে।’ এর বাইরে তিনি অন্য কোনো মন্তব্য করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *