
জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমদকে গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত দল ও পুলিশ। গত রোববার (২৭ এপ্রিল) রাঙামাটি থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ইশতিয়াক আহমদকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি বেতবুনিয়ায় পুলিশ স্পেশালাইজড ট্রেনিং স্কুলে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত ছিলেন।
ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইশতিয়াক আহমদ স্বীকার করেছেন যে তিনি তৎকালীন সিটিটিসি প্রধানের সরাসরি নির্দেশে জুলাই মাসে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন ব্যবহার করে নজরদারি ও ভিডিও ধারণ করেছিলেন। পরে উচ্চপদস্থ কর্তৃপক্ষের নির্দেশে তিনি সেই ভিডিও চিত্র মুছে ফেলেন।
প্রসিকিউশন পক্ষের মতে, এই ড্রোন ফুটেজ ছিল গুরুত্বপূর্ণ আলামত যা গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের সাক্ষ্য বহন করত। এটি মুছে ফেলা একটি গুরুতর অপরাধ এবং তথ্য গোপন করার স্পষ্ট প্রমাণ।
এই ঘটনায় তদন্ত চলছে এবং ইশতিয়াকের সম্পৃক্ততা ও নির্দেশদাতাদের ভূমিকা নিয়ে আরও অনুসন্ধান চালানো হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল সূত্র।