
পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান দাবি করেছেন, পাকিস্তানের কঠোর জবাবের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্তর্জাতিকভাবে চরম অপমানের মুখে পড়েছেন এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ এখন শেষের পথে।
গতকাল রোববার (১১ মে) পেশোয়ারে ভারত ও ইসরায়েলের বিরুদ্ধে এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে মাওলানা ফজলুর রহমান বলেন, পাহেলগাম হামলাকে মোদি রাজনৈতিক স্বার্থে কাজে লাগাতে চেয়েছিলেন, কিন্তু পাকিস্তানকে কোণঠাসা করার তার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
এই প্রসঙ্গে মাওলানা ফজলুর রহমান বলেন, ‘পাকিস্তান কোনো আগ্রাসন করেনি, বরং ভারতের আগ্রাসনের জবাবে প্রতিরোধ গড়ে তুলেছে। মোদি যদি একটিও রকেট ছোড়েন, আমরা ১০০টি রকেট ছোড়ার জন্য প্রস্তুত আছি।’
তিনি বলেন, ‘পাহেলগাম ঘটনা দিয়ে পাকিস্তানকে কলঙ্কিত করতে চেয়েছিল ভারত। কিন্তু মোদির সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এখন আন্তর্জাতিকভাবে অপমানিত হয়ে তার দিন গণনা শুরু হয়েছে।’
এছাড়াও তিনি বলেন, পাহেলগামের ঘটনার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানিচুক্তি স্থগিত করেছে, যা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন। তার মতে, এই চুক্তির আওতায় তিনটি নদী ভারতের এবং দুটি পাকিস্তানের হাতে ছিল।
‘তবে যদি ভারত এই চুক্তি বাতিল করে, তাহলে আমরা পাঁচটি নদীর ওপরই অধিকার প্রতিষ্ঠা করব। ভারতের পানিসন্ত্রাসের জবাবও দিতে হবে তাকে,’ বলেন তিনি।