জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতার হামলায় নিহত ১, আহত ৪

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা এবং আরও অন্তত ৪ জনকে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। সোমবার (২০ মে) ভোরে উপজেলার মামুদ নগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল জব্বার (৬০)। তিনি সুদামপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে। অভিযুক্ত বিএনপি নেতা মো. বাদশা মিয়া উপজেলার বিএনপির তাঁতী, মৎস্যজীবী ও উপ-জাতি বিষয়ক সম্পাদক এবং মামুদ নগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাচাতো ভাই বাদশা মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধে ছিলেন আব্দুল জব্বার। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং বর্তমানে একটি মামলা চলমান। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই বাদশা মিয়া দলীয় প্রভাব খাটিয়ে সম্পত্তি দখলের চেষ্টা শুরু করেন বলে অভিযোগ স্বজনদের।

রোববার আদালতে হাজিরা দিয়ে ফেরার পর বাদশা মিয়া জব্বার মিয়ার পরিবারকে গালিগালাজ ও হত্যার হুমকি দেন। এরপর সোমবার ভোর ৬টার দিকে তিনি লোকজন নিয়ে জব্বারের বাড়িতে হামলা চালান।

হামলায় গুরুতর আহত হন আব্দুল জব্বার, রবিউল (২১), আজিজ (৩৫), আলী (৫৫) ও লাল হোসেন (৫০)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল জব্বারকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারহানা আফরোজ বলেন, ‘আব্দুল জব্বারকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তার শরীরে গুরুতর জখম ছিল।’

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

স্থানীয়রা অভিযোগ করেছেন, বাদশা মিয়া দীর্ঘদিন ধরে দলীয় পদ-পদবি ব্যবহার করে এলাকায় প্রভাব খাটাচ্ছেন এবং প্রতিপক্ষদের ভয়ভীতি দেখিয়ে চলেছেন। জমি সংক্রান্ত বিরোধে এ ধরনের নৃশংস হামলা স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *