
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা বলছি ফ্যাসিবাদী আমলের নির্বাচন অবৈধ ছিল এবং ফ্যাসিবাদবিরোধী সবগুলো পক্ষ আমরা ওই আমলের নির্বাচন প্রত্যাখ্যান করছি। আমি তো বলতে পারি না, সেই নির্বাচনের বৈধ প্রার্থী। এটা আসলে দ্বিচারিতা।’
আজ মঙ্গলবার (২০ মে) রাত ৮টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগামীকাল বুধবার (২১ মে) বিক্ষোভে নামার ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দেশের বর্তমান সংকট উত্তরণের জন্য স্থানীয় সরকার নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বলছি ফ্যাসিবাদী আমলের নির্বাচন অবৈধ ছিল এবং ফ্যাসিবাদবিরোধী সবগুলো পক্ষ আমরা ওই আমলের নির্বাচন প্রত্যাখ্যান করছি। আমি তো বলতে পারি না, সেই নির্বাচনের বৈধ প্রার্থী। এটা আসলে দ্বিচারিতা।’
তিনি বলেন, ‘যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে, এ জন্য অনতিবিলম্বে স্থানীয় নির্বাচন দিয়ে দেওয়া উচিত। স্থানীয় সরকার নির্বাচন এই কমিশনের পক্ষে দিয়ে দেওয়া সম্ভব নয়। এই নির্বাচন কমিশনের ওপর আমরা সেই আস্থাটা রাখতে পারছি না। তারা পক্ষপাতমূলক আচারণ করছে। তারা সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি এবং তাদের যে গঠন প্রক্রিয়া সেখানেই ত্রুটি রয়েছে। ফলে আমরা নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি। নতুন স্থানীয় সরকার নির্বাচন হলে নতুন জনপ্রতিনিধি আসবে, নাগরিক সমস্যাগুলোও লাঘব হবে।’
বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে যে পরিপক্কতা দেখানো দরকার ছিলে সেটি তারা দেখাতে পারছে না বলেও এ সময় মন্তব্য করা হয়।