কুমিল্লা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করলো বিএসএফ

কুমিল্লা সীমান্ত দিয়ে নারী-পুরুষ, শিশুসহ ১৩ বাংলাদেশিকে অবৈধভাবে বিএসএফ ভারত থেকে পুশইন করার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২২ মে) ভোরে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় বিএসএফ নারী-শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইন করে। এ সময় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৬০ বিজিবি টহলদল তাদের আটক করে। তাদের মধ্যে পুরুষ তিনজন, নারী তিনজন এবং সাতজন শিশু রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পুশইন করা হয়েছে। আটক বাংলাদেশি নাগরিকদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *