ইস্তাম্বুল বিজয়ের ৫৭২তম বার্ষিকী, আধুনিক যুদ্ধের সংজ্ঞা বদলে দিয়েছে তুরস্ক’


ইস্তাম্বুল বিজয়ের ৫৭২তম বার্ষিকী উপলক্ষে তুরস্কের ইতিহাসের সোনালি যুগের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পাশাপাশি আধুনিক যুদ্ধের সংজ্ঞা বদলে দেওয়ার জন্য তুরস্কের বর্তমান ভূমিকার প্রশংসা করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ মে) ইস্তাম্বুল বিজয়ী সুলতান দ্বিতীয় মুহাম্মদ আল ফাতিহ এবং তার সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এরদোয়ান। মাত্র ২১ বছর বয়সে বহুজাতিক এই শহরটির ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে এক যুগের সমাপ্তি ঘটিয়ে অন্য একটি যুগের সূচনা করেছিলেন তিনি।

এরদোয়ান বৃহস্পতিবার দেওয়া এক ভাষণে বলেন, ইস্তাম্বুল বিজয়ের ৫৭২তম বার্ষিকী, আমাদের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এক কিংবদন্তিকে স্মরণ করার একটি উপলক্ষ।

তুর্কি প্রেসিডেন্ট প্রতিরক্ষা খাতে তুরস্কের অগ্রগতির কথা উল্লেখ করেন। আধুনিক যুদ্ধের সংজ্ঞা বদলে দেওয়ার ক্ষেত্রে তার দেশের ক্রমবর্ধমান ভূমিকা তুলে ধরেন তিনি।

এরদোয়ান বলেন, ‘আমাদের মনুষ্যবিহীন বিমানবাহী যান, সশস্ত্র ড্রোন, মনুষ্যবিহীন সাবমেরিন এবং আরও অনেক উন্নত প্রযুক্তির সাহায্যে আমরা আজকের যুদ্ধ সংক্রান্ত ধারণাগুলোকে পুনরায় সংজ্ঞায়িত করে চলেছি।’

প্রতিরক্ষা শিল্পে তুরস্কের রূপান্তরের কথা তুলে ধরে এরদোয়ান বলেন, ‘আমরা একসময় এই অস্ত্রের একজন নির্ভরশীল ক্রেতা ছিলাম অথচ এখন আমরা বিক্রেতায় পরিণত হয়েছি।’

তিনি আরও বলেন, ‘বছরের পর বছর ধরে আমরা প্রতিরক্ষার জন্য অন্যদের দরজায় অপেক্ষা করেছি। আজ, আমরা এমন একটি দেশ যার দরজায় অন্যরা কড়া নাড়ে।’

প্রতিরক্ষার পাশাপাশি জ্বালানি উৎপাদনে তুরস্কের অগ্রগতির কথা উল্লেখ করেন এরদোয়ান। তিনি বৃহস্পতিবার কৃষ্ণ সাগরের সাকারিয়া গ্যাস ক্ষেত্রে দেশটির প্রথম ভাসমান প্রাকৃতিক গ্যাস উৎপাদন প্ল্যাটফর্ম (এফপিইউ) ওসমান গাজীর উদ্বোধন করেন।

এরদোয়ান বলেন, ‘আমরা আমাদের ওসমান গাজী জাহাজটি কৃষ্ণ সাগরে পাঠিয়েছি। সেখানে এটি পানির নিচে অনুসন্ধানমূলক কার্যক্রম পরিচালনা করবে এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলন করবে। এটি আমাদের নাগরিকদের জন্য বিরাট স্বস্তি বয়ে আনবে।’

উল্লেখ্য, ১৪৫৩ সালের ২৯ মে কনস্টান্টিনোপল শহরের পতন ঘটে। উসমানীয় সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় মুহাম্মদ এটি দখল করে নিয়েছিলেন। বর্তমানে এই নগরী ইস্তাম্বুল নামে পরিচিত।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *