
চুয়াডাঙ্গায় একটি আগ্নেয়াস্ত্রের অংশবিশেষ ও ১৮টি দেশীয় অস্ত্রসহ ছাত্রদল নেতা নাজমুল আরেফিন কিরণকে (৩৪) আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে অভিযান চালিয়ে পৌর এলাকার গুলশানপাড়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক নাজমুল আরেফিন কিরণ শহরের গুলশানপাড়ার মৃত জিন্নাত আলীর ছেলে। তিনি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নাজমুল আরেফিন কিরণের গুলশানপাড়ার বাড়িতে পুলিশ ও সেনাবাহিনীর অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি থ্রি নট থ্রি রাইফেলের বডি (অংশ বিশেষ), ১৮টি দেশীয় অস্ত্র যার মধ্যে ৩টি চাপাতি, ৬টি বড় ছুরি, ৩টি রামদা, ৬টি তরবারি, একটি ল্যাপটপ ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা জানান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আরেফিন কিরণকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে বলে শুনেছি।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, সেনাবাহিনী আটক নাজমুল আরেফিনকে সদর থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হচ্ছে।