
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী ২২ জুন চীন সফরে যাচ্ছে। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সফর উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর আমন্ত্রণে রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে যান বিএনপির প্রতিনিধিরা। সেখানে সফর সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বিএনপি সূত্রে জানা গেছে, চীন সফরকালে প্রতিনিধি দলটি চীনের কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক রাজনীতি বিষয়ক মতবিনিময় করবেন।
প্রতিনিধি দলে মির্জা ফখরুল ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ের নেতারা থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।