আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবদল নেতা আটক

চুয়াডাঙ্গা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক লিমন আলীকে (৪০) আগ্নেয়াস্ত্র-গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে সেনা-পুলিশ যৌথ বাহিনী।

আজ শনিবার (২১ জুন) ভোর ৫ টার দিকে সেনা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে লিমন আলীকে তার বাড়ি থেকে আটক করে। 

তিনি চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার এতিমখানা রোডের ৭নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর আবুল হোসেনের ছেলে।
 
চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫ টার দিকে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের (৩৬ এডি) নেতৃত্বে লিমন আলীর এতিমখানা রোডের বাড়িতে সেনা-পুলিশ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালায়। অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে ১টি বিদেশি ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি, ১টি এন্ড্রয়েড ও ৪টি বাটন মোবাইল ফোন সেট, ধারালো ৪টি দেশীয় চাপাতি, ১টি চাইনিজ ছুরি এবং ১টি রামদা উদ্ধার করে। তার বিরুদ্ধে মামলা দিয়ে সকাল ৬ টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরীফ-উজ-জামান সিজার পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক লিমন আলীর দলীয় পদ সহ আটকের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা কেন্দ্রীয়ভাবে নেয়া হবে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, সেনাবাহিনী অভিযান চালিয়ে লিমনকে আটকের পর সকালে অস্ত্র ও ম্যাগজিন সহ সদর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলা সহ আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় ১টি মামলা ও ১টি জিডি এবং ঢাকার বংশাল থানায় ১টি জিডি আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *