
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির উত্তপ্ত মন্তব্য করে বলেছেন, ‘ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে নরকের দরজা খুলে দিতে হবে।’
আজ বুধবার (২৫ জুন) ইসরায়েলের সরকারি রেডিও রেশেট বেত-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানে ইসরায়েল সফলতা অর্জন করেছে এবং এখন এই সাফল্যকে কাজে লাগিয়ে পুরো মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে হবে।
বেন-গভির বলেন, ‘আমরা এখন সবাইকে দেখাতে চাই—এই অঞ্চল আমাদের। আমরা মধ্যপ্রাচ্যের প্রভু।’
ইসরায়েলের এই কট্টর ডানপন্থী নেতা আগে থেকেই ইরানে শাসন পরিবর্তনের জোরালো সমর্থক। ফিলিস্তিনি বেসামরিক জনগণের বিরুদ্ধে সহিংস উসকানির জন্য যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং নরওয়ের মতো দেশ ইতিমধ্যে বেন-গভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।
সরকারি মন্ত্রিসভায় তিনি বরাবরই সবচেয়ে কঠোর মনোভাবের একজন হিসেবে পরিচিত, যিনি ফিলিস্তিন ইস্যু থেকে শুরু করে আঞ্চলিক যুদ্ধে আরও আগ্রাসী অবস্থানের পক্ষে সরব।