
দেশের ইসলামি দলগুলোই আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, ইসলামপন্থীদের ঐক্য নিয়ে দেশের মানুষ আশাবাদী। জনগণের এই গণ-আকাঙ্ক্ষাই প্রমাণ করে যে, জোটবদ্ধ ইসলামি দলগুলো হবে আগামীর প্রধান রাজনৈতিক শক্তি।
তিনি আজ শনিবার (২৮ জুন) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির আয়োজিত মহাসমাবেশে এ মন্তব্য করেন। তিন দফা দাবিকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর দাবি জানিয়ে তিনি বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এই পদ্ধতি চালু করা এখন সময়ের দাবি।
সংবিধান সংস্কার প্রসঙ্গে রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কারের প্রশ্নে কখনো আপস করে না। সংস্কারে বিলম্ব হলে তা হবে ২০২৪ সালের গণ-আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ১৯৭২ সালের সংবিধান জনগণের আকাঙ্ক্ষার প্রতি উদাসীন ছিল।
সমাবেশে দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আগামী নির্বাচনে কোনো দল নয়, ক্ষমতায় যাবে ইসলাম। বাংলাদেশের মানুষ ২০২৪ সালে কর্তৃত্ববাদী শাসন কায়েম দেখতে জীবন দেয়নি। জনগণ ভবিষ্যতে আর কোনো চাঁদাবাজ-দুর্নীতিবাজকে সংসদে পাঠাবে না।