ফকিরাপুলে শীর্ষ সন্ত্রাসী বাপ্পী গ্রেপ্তার

রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বাপ্পীকে তার দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২৮ জুন) রাতে ডিবির একটি দল যশোর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত অন্য দুজন হলেন বাপ্পীর সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন এবং মো. কামরুল হাসান।

ডিবি সূত্রে জানা যায়, গত ১৮ জুন মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ আবদুর রহমান নামে একজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৯ জুন রাতে ডিবি সদস্যরা ফকিরাপুল থেকে পল্টনগামী একটি প্রাইভেট কার থামানোর নির্দেশ দিলে গাড়িতে থাকা দুই মাদক কারবারি আচমকা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে পালিয়ে যায়। ওই ঘটনায় ডিবির তিন সদস্য গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক ৯ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে ডিবি অভিযান অব্যাহত রাখে। তথ্য-উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনা করে ডিবি জানতে পারে যে, এই ঘটনার মূল হোতা বাপ্পী ওরফে মো. আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক।

এরই প্রেক্ষিতে ডিবি রাজধানী ঢাকা, বরিশাল, সাতক্ষীরা ও যশোরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। এক পর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ২টায় যশোরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি দোতলা বাড়ি থেকে বাপ্পী ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাপ্পীর দেহ তল্লাশি করে একটি পিস্তল এবং দুটি ম্যাগাজিনে ৭ রাউন্ড গুলিসহ উদ্ধার ও জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *