
তুরস্কের একটি ব্যঙ্গাত্মক সাময়িকীতে মহানবী হযরত মুহাম্মদকে (স.) নিয়ে কার্টুন প্রকাশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মহানবী (স.) ও অন্যান্য নবী-রাসূলদের প্রতি অবমাননাকর আচরণ ‘অবশ্যই শাস্তির আওতায় আনা হবে’ এবং দেশের আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১ জুলাই) দলীয় এক সভায় দেওয়া বক্তৃতায় এরদোয়ান বলেন, ‘যারা নবীর (স.) প্রতি সীমালঙ্ঘনকারী আচরণ করবে, আমরা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।’ তিনি এই ব্যঙ্গচিত্রকে ‘অসভ্যতা ও নোংরামির চরম উদাহরণ’ আখ্যা দিয়ে বলেন, ‘এটি স্পষ্টতই একটি ঘৃণা-উসকানিমূলক কাজ, যেটিকে হাস্যরসের ছদ্মবেশে উপস্থাপন করা হয়েছে।’
সম্প্রতি তুরস্কের ব্যঙ্গাত্মক সাময়িকী ‘লেমান’-এর ২৬ জুনের সংখ্যায় একটি কার্টুন প্রকাশিত হয়। এতে ইসরায়েল-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে নবী মুহাম্মদ (স.) ও নবী মুসাকে (আ.) একটি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে হাত মেলাতে দেখা যায়।
এরদোয়ান জানান, এই ঘটনার পরপরই তুরস্কের নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং সাময়িকীটি বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি বলেন, ‘এই জাতির মূল্যবোধ ও শালীনতাবর্জিত কিছু অনৈতিক ব্যক্তি নবীর (স.) প্রতি যে অবমাননাকর আচরণ করেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
ইস্তাম্বুলের কৌঁসুলি দপ্তর স্বপ্রণোদিত হয়ে এই মামলার তদন্ত শুরু করেছে। ধর্মীয় মূল্যবোধে অবমাননার অভিযোগে ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে।
প্রেসিডেন্ট এরদোয়ান তার দল একে পার্টির প্রাদেশিক নেতাদের উদ্দেশে বলেন, ‘যতদিন আমরা ক্ষমতায় থাকব, ততদিন আমাদের পবিত্র মূল্যবোধের অবমাননা বরদাশত করা হবে না। তবে একইসঙ্গে আমাদের তরুণ প্রজন্ম যেন ক্ষোভে যুক্তি হারিয়ে না ফেলে, সেটিও নিশ্চিত করতে হবে।’
তুরস্কের যোগাযোগ বিভাগের প্রধান ফাহরেত্তিন আলতুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘জাতির সর্বোচ্চ মূল্যবোধে আঘাত হানা এই নির্লজ্জ ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না। সংবাদের স্বাধীনতার আড়ালে মহানবীকে (স.) অবমাননা করার এই বিকৃত মানসিকতাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।’ তিনি আরও জানান, নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপের ফলে সাময়িকীর কার্যালয়ের আশেপাশে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি এবং তিনি নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ইসলাম ধর্মে নবী মুহাম্মদ (স.) ও নবী মুসা (আ.) সহ সকল নবী-রাসূলের চিত্রায়ণ নিষিদ্ধ।