কালীগঞ্জে রেল ও সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পৃথক রেল ও সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত নারীসহ দুইজন নিহত হয়েছেন। আজ বুধবার (২৩ জুলাই) ভোর ও সকালে এ দুর্ঘটনা দুটি ঘটে।

জানা গেছে, বুধবার (২৩ জুলাই) ভোরে কালীগঞ্জ উপজেলার বাবরা রেলগেট এলাকায় রেল লাইনের পাশে এক নারীর খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে যশোর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে, বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ইশ্বরবা নামক স্থানে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (২২) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের বাসিন্দা হামিদুল ইসলামের ছেলে। একই ঘটনায় গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহী লালচাঁনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *