
সিলেট-সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১ আগস্ট) এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, সংগ্রাম, সোনালীচেলা, বাংলাবাজার এবং নোয়াকোট বিওপির সদস্যরা শুক্রবার ভোরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় স্মার্ট ফোনের ডিসপ্লে, থ্রি-পিস, গরুর মাংস, চিনি, টমেটো, মদ জব্দ করা হয়।
একই সময়ে বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং বারকি নৌকা জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫৩ লাখ ৯৬ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে।