গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬২ ফিলিস্তিনির মৃত্যু

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় আরও ৬২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদের মধ্যে বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্রে সাহায্য নিতে গিয়ে ৩৮ জন নিহত হয়েছেন।

রোববার (৩ আগস্ট) সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদন ও গাজার মেডিকেল সূত্রে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ইসরায়েলি বাহিনী ভোর থেকে গাজায় ৬২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার চিকিৎসকরা জানিয়েছেন, শনিবার নিহত কয়েক ডজন ফিলিস্তিনিদের মধ্যে বিতর্কিত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে সাহায্য নিতে যাওয়া ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গত সপ্তাহে ইসরায়েল ঘোষণা করেছিল, তারা কিছু এলাকায় যুদ্ধে কৌশলগত বিরতি বাস্তবায়ন শুরু করবে যাতে ফিলিস্তিনিদের মানবিক সাহায্যের পরিমাণ আরও বাড়ানো যায়। যদিও জিএইচএফ-পরিচালিত স্থানগুলোর কাছে এই মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইসরায়েল ২৭ জুলাই থেকে সামরিক অভিযানে দৈনিক বিরতি শুরু করার ঘোষণা দিয়েছে। তবে, ফিলিস্তিনি অধিকৃত ভূখণ্ডে জাতিসংঘের মানবাধিকার অফিস শুক্রবার জানিয়েছে, শুধুমাত্র বুধবার এবং বৃহস্পতিবারই ত্রাণ নিতে গিয়ে ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মানবাধিকার অফিসের তথ্য অনুসারে, শুক্রবার পর্যন্ত সাহায্য নিতে গিয়ে কমপক্ষে ১,৩৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৯৩ জন শিশুসহ আরও ১৬৯ জন ফিলিস্তিনি অনাহার বা অপুষ্টিতে মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *