সুন্দরবন উপকূলে ফিশিং ট্রলারসহ ১৪ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ভারতীয় একটি ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা। শনিবার (৩ আগস্ট) দিবাগত রাতে সুন্দরবন উপকূলে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগরে এফবি পারমিতা নামের ভারতীয় ওই ফিশিং ট্রলারটি মাছ ধরা অবস্থায় জেলেসহ আটক করে যুদ্ধ জাহাজ বানৌজা বিষখালীর নৌ-সেনারা।

ফিশিং ট্রলারসহ আটক জেলেদের সমুদ্র থেকে রোববার বিকেলে বাগেরহাটের দিগরাজে নৌবাহিনীর মোংলা নৌঘাঁটিতে নিয়ে এসেছে। ভারতীয় ট্রলারটিতে থাকা ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে ট্রলারসহ জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হবে। আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণচব্বিশ পরগোণা জেলায়।

এর আগে গত ১৪ জুলাই বঙ্গোপসাগরের একই এলাকা থেকে এফবি ঝড় ও এফবি মঙ্গল চন্ডী নামে দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছিল নৌবাহিনী।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, থানায় হস্তান্তরের পর সমুদ্রসীমা আইন লঙ্ঘন করে বেআইনিভাবে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের অপরাধে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। সোমবার সকালে আটক ভারতীয় জেলেদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *