জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার বিচার শুরু

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বুধবার (৬ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

এর আগে গত ৩০ জুলাই পলাতক ২৪ আসামির পক্ষে নিয়োগপ্রাপ্ত স্টেট ডিফেন্স মামলা থেকে অব্যাহতির জন্য শুনানি করেন। একই দিনে, গ্রেপ্তারকৃত ৬ আসামির পক্ষেও শুনানি সম্পন্ন হয়েছিল। আজ সকালে সব আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

আবু সাঈদ হত্যা মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী বর্তমানে ট্রাইব্যুনালের কারাগারে রয়েছেন। গত ৩০ জুন প্রসিকিউশন ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

এদিকে, এই মামলার বিচার কার্যক্রমের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আবু সাঈদ হত্যার প্রত্যক্ষদর্শী রিনা মুর্মু চতুর্থ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন। এর আগে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশে গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *