২৪-এর স্বাধীনতা রক্ষায় জীবন দিতেও প্রস্তুত: মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, ‘আমরা বারবার স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু কখনোই প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারিনি। কেউ যদি ২০২৪-এর এই স্বাধীনতাকে ছিনতাই করতে চায়, আমরা জীবন দিয়ে তা রক্ষা করব ইনশাআল্লাহ।’

মঙ্গলবার রাজধানী ঢাকায় অনুষ্ঠিত বিজয় র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক আরও বলেন, ২০২৪ এর জুলাইয়ের অভ্যুত্থানে আবু সাঈদ ও মুগ্ধের পাশাপাশি আমার সন্তান খুবাইবও শহীদ হয়। ইসলামপন্থিদের রাজনৈতিকভাবে মাইনাস করার অপচেষ্টা আমরা প্রতিহত করব।

‘গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিশ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে একযোগে ‘বিজয় র‌্যালি’ পালিত হয়। সর্ববৃহৎ আয়োজন হয় রাজধানী ঢাকায়।

ঢাকা মহানগরের আয়োজনে শাহবাগ চত্বর থেকে শুরু হয়ে মৎস্য ভবন, প্রেসক্লাব হয়ে পল্টন মোড় পর্যন্ত বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদুল আলম সিদ্দিক ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত র‌্যালি-পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *