
ঢাকার ধামরাইয়ে অতিরিক্ত মদপানে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের ভালুম গুচ্ছগ্রাম এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত দুজনই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের লোক। দীর্ঘদিন তারা ভালুম গুচ্ছগ্রাম এলাকায় ভ্যানচালক আবুল কাশেমের বাড়িতে ভাড়া থাকতেন।
মৃত ব্যক্তিরা হলেন- রংপুর জেলার মিঠাপুকুর থানার শঠিবাড়ী গ্রামের মৃত বাবলু কুজুর ছেলে বিপ্লব কুজুর (২৭) ও একই থানার হলদিবাথান গ্রামের মৃত ভুবন দালালের ছেলে সুধীর (৪৫)। তারা আবুল কাশেমের বাড়িতে ভাড়া থেকে বিভিন্ন জলাশয়ে কুইচ্চা ধরে জীবিকা নির্বাহ করতেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ধামরাই থানা এসআই মো. ফারুক হোসেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভালুম এলাকায় বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে নিজ ঘরের ভিতরে বসেই অতিরিক্ত মদপান করেছে বিপ্লব কুজুর ও সুধীর। শুক্রবার সকালে পরিবারের লোকজন তাদের ঘরের ভিতরে গিয়ে দেখে দুইজনের নিথর দেহ পড়ে আছে। এ ঘটনা জানাজানি হলে এলাকার লোকজন ধামরাই থানা পুলিশকে খবর দেন।
ধামরাই থানার এসআই মো. ইব্রাহিম পাটোয়ারী বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।