
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯ কেজি ভারতীয় দানাদার রুপা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৬ বিজিবি)। শনিবার (০৯ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর এলাকায় বিজিবির একটি বিশেষ আভিযানিক দল অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেলযোগে দুইজন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে থামার সংকেত দেয় বিজিবি। এসময় তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ৮ কেজি ৯০০ গ্রাম ভারতীয় দানাদার রুপা উদ্ধার করা হয়। উদ্ধার রুপা ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা। এ ঘটনায় নায়েব সুবেদার মো. আব্দুস সাত্তার বাদী হয়ে দামুড়হুদা থানায় সাধারণ ডায়েরি করেছেন। উদ্ধার রুপা চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।