সিরিয়ায় অশান্তি সৃষ্টিকারীদের সহ্য করা হবে না

সিরিয়ার মাটিতে অশান্তি সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, তুরস্ক বা দামেস্ক— কেউই এ ধরনের কর্মকাণ্ড সহ্য করবে না। মঙ্গলবার চীন সফর শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এরদোয়ান বলেন, ‘বিশৃঙ্খলায় বিনিয়োগকারী যুদ্ধবাজরা এবার পরাজিত হবে এবং সিরিয়ার আরব, কুর্দি, তুর্কমেন, আলাউইত, সুন্নি ও খ্রিষ্টানসহ সকল জনগণ জয়ী হবে।’

তিনি বলেন, ‘আমরা আমাদের প্রতিবেশী সিরিয়ায় স্থায়ী সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা দেশটির ঐক্য ও সংহতির ওপর গুরুত্ব দিই। সাম্প্রতিক ঘটনাবলি প্রমাণ করেছে যে সিরিয়ার অস্থিরতা আমাদের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। এটা আমাদের অবশ্যই স্বীকার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই সিরিয়া তার সকল জাতিগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধ ও অখণ্ড থাকুক। এই বিষয়ে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং তার প্রশাসন আমাদের সঙ্গে একমত।’

তুর্কি প্রেসিডেন্ট উল্লেখ করেন, দীর্ঘদিন যুদ্ধ সহ্য করা অন্য যেকোনো অঞ্চলের মতোই সিরিয়াতেও অনেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। একারণেই তুরস্ক দেশটিকে ছেড়ে যাবে না জানিয়ে তিনি বলেন, ‘আমরা তাদের পাশে থাকব। আল্লাহ চাইলে, নতুন সিরিয়ার উত্থানে কেউই বাধা দিতে পারবে না।’ এরদোয়ান হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সিরিয়ার পুনর্গঠনের এই প্রক্রিয়াকে যে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করলে, তাকে এর চড়া মূল্য দিতে হবে।’

কুর্দিদের প্রসঙ্গে তিনি বলেন, ‘কুর্দিরা যেখানেই থাকুক, তারা আমাদের ভাই ও বোন। কেউ আমাদের একে অপরের থেকে আলাদা করতে পারবে না। কেউ আমাদের চিরন্তন ভ্রাতৃত্বের ওপর আঘাত হানতে পারবে না। যেমন মাংসকে হাড় থেকে আলাদা করা যায় না, তেমনি আমাদের এই ভ্রাতৃত্বকেও বিচ্ছিন্ন করা যাবে না।’

উল্লেখ্য, চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি দেশটি সফর করেন। দুই দিনের সফর শেষে মঙ্গলবার তিনি তুরস্কে ফিরে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *