
অতি দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে সেই অনুযায়ী জাতীয় নির্বাচন আয়োজন এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের সদস্য নির্বাচন করাসহ ৬টি দাবি জানিয়েছে খেলাফত মজলিস। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পুরানা পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
তারা জানান, আওয়ামী ফ্যাসিবাদ ও তার দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করতে হবে। সব দাবি আদায়ে খেলাফত মজলিস তিন দফা কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচি অনুযায়ী ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) দেশের সকল মহানগরীতে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
৬ দাবি হলো
১. জুলাই সনদে রাষ্ট্রীয় পলিসি বা ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো অর্ডিনেন্স বা নির্বাহী আদেশে বাস্তবায়ন করা। আর সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির Proclamation তথা সাংবিধানিক ঘোষণার মাধ্যমে আশু কার্যকর করা তবে শর্ত হচ্ছে যে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কোন পরিবর্তন- পরিবর্ধন ছাড়াই সেগুলো Ratify (আনুষ্ঠানিক অনুমোদন) করতে সংসদ সদস্যগণ বাধ্য থাকবেন- এ মর্মে সব দল ও পক্ষের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি গ্রহণ করা।
২. পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের সদস্য নির্বাচন করা।
৩. আওয়ামী ফ্যাসিবাদ ও তার দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করা।
৪. আওয়ামী ফ্যাসিবাদের সব দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা।
৫. নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। অবৈধ অস্ত্র, পেশি শক্তি, কালো টাকার প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কার্যকর উদ্যোগ নিতে হবে।
৬. দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ নিতে হবে।