৫৩ বছরে শাসকরা দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি: ফয়জুল করীম

বাংলাদেশে গত ৫৩ বছরের রাজনৈতিক নেতৃত্ব নিয়ে কঠোর সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি দাবি করেন, দেশের শাসকেরা জনগণের জন্য কল্যাণকর কোনো কাজ করতে পারেনি।

রোববার (২২ সেপ্টেম্বর) হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এক পথসভায় তিনি এই মন্তব্য করেন। এসময় তিনি প্রচলিত রাজনৈতিক দলগুলোকে বারবার সুযোগ না দিয়ে একবার ইসলামকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।

মুফতী ফয়জুল করীম বলেন, ইসলাম ফেল করার জন্য পৃথিবীতে আসেনি, ইসলাম বিজয়ী হওয়ার জন্যই এসেছে। যদি আমরা ফেল করি, তাহলে দ্বিতীয়বার আর আপনাদের কাছে আসবো না।

এসময় তিনি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিও জানান। পথসভা শেষে তিনি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে দলের দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সভাপতি ডা. নূর আলম সিদ্দিকীর নাম ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *