বেনাপোলে কার্গো ট্রাকসহ আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

যশোরের বেনাপোলে কার্গো ট্রাকসহ বিপুল ভারতীয় শাড়ি, থ্রি-পিস, ওষুধ, মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি ৫৫ লাখ টাকা। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ মালামাল জব্দ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকীর নির্দেশে বিজিবি সদস্যরা একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। বেনাপোল ভবেরবেড় ট্রাক টার্মিনালের সামনে মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক তল্লাশির জন্য থামানো হয়। সন্দেহ হলে ট্রাকটি বেনাপোল বিওপিতে এনে তল্লাশি করা হয়।

তল্লাশির পর ট্রাকটির ভেতর থেকে বিপুল চোরাচালানের পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে এক হাজার ৪৭৬টি ভারতীয় শাড়ি, ২১৫টি থ্রি-পিস, ১০ হাজার ৬৯৩টি বিভিন্ন ধরনের ওষুধ, দুটি মোটরসাইকেলের টায়ার এবং ৭৪ হাজার ৪৫৫টি কসমেটিক্স সামগ্রী। এগুলোর কোনো বৈধ কাগজপত্র ছিল না।
বিজিবি জানায়, গ্রেপ্তার হওয়া চালক আব্দুল মালেক (৪৬) ও হেলপার অন্তর কর্মকারকে (২৯) প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০ হাজার টাকা চুক্তির বিনিময়ে মালামালগুলো ঢাকার মিরপুরে নিয়ে যাচ্ছিলেন। তারা জানান মো. বিল্লাল (৩২) নামে একজনের সঙ্গে এই চুক্তি করা হয়।

বিজিবি আরও জানায়, জব্দ হওয়া মালামালসহ আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *