আধুনিক সাবজেক্টের ঠেলায় মাদরাসা শিক্ষা কোণঠাসা: ধর্ম উপদেষ্টা

অতি আধুনিক শিক্ষার নামে মাদরাসা শিক্ষা কোরান হাদিস থেকে সরে গিয়ে কোণঠাসা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। সবাই ভোট দিতে পারবেন। ভোট হবে দিনের বেলায়, রাতের বেলা নয়।

রাজধানীর বকশিবাজারে বুধবার (১ অক্টোবর) সকালে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রজনতার রক্তের বিনিময়ে ৫৪ বছর পর সুযোগ এসেছে। এ সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।

ধর্ম উপদেষ্টা বলেন, অতি আধুনিক শিক্ষার নামে মাদরাসা শিক্ষায় কোরান হাদিস থেকে সরে গিয়ে কোণঠাসা হয়ে গেছে। মনে রাখতে হবে মাদরাসা শিক্ষা বিশেষায়িত শিক্ষা। আধুনিকতার পাশাপাশি মাদরাসা শিক্ষার মূল ভিত্তি থাকতে হবে কোরান এবং হাদিস, ফেকাহ।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশে আধুনিক শিক্ষার পাশাপাশি মাদরাসার ঐতিহ্য ধরে রাখতে হবে। আলিয়া পদ্ধতির মাদরাসার অবদান স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। অনেক যোগ্য ব্যক্তি এখানে তৈরি হয়েছেন। আধুনিক শিক্ষার পাশাপাশি মাদরাসার ঐতিহ্য ধরে রাখতে হবে। এসময় মাতৃভাষা বাংলার পাশাপাশি ইংরেজি ও আরবি ভাষার ওপর জোর দিতে আহ্বান জানান উপদেষ্টা।

রাষ্ট্র ও সমাজ গঠনে যুগ যুগ ধরে আলিয়া মাদরাসা ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তপনা বন্ধ করতে হবে। এ সময় ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, আমদের আল্লাহ এক, কোরান এক, কেবলা এক। এই মিল আমাদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *