সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী ‘কিলার বাদল’-এর ক্যাশিয়ার ‘মোল্লা রুবেল’সহ গ্রেপ্তার ২

সরকার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী ‘কিলার বাদল’-এর ঘনিষ্ঠ সহযোগী ও আর্থিক লেনদেনের দায়িত্বে থাকা ‘মোল্লা রুবেল’-কে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শনিবার (৪ অক্টোবর) রাত ৮:৩০ ঘটিকায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে এই অভিযান পরিচালনা করে বসিলা আর্মি ক্যাম্প-এর একটি দল।

গ্রেপ্তারকৃত অন্য ব্যক্তি হলেন রুবেলের সহযোগী আল আমিন (৪৫)। সেনা কর্মকর্তারা জানিয়েছেন, কিলার বাদল ৫ আগস্ট ২০২৪-এ কারামুক্তির পর আত্মগোপনে গিয়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় তার পুরনো সন্ত্রাসী নেটওয়ার্ক সক্রিয় করে তুলেছিল এবং তার অনুপস্থিতিতে মোল্লা রুবেল (৩৫) তার ক্যাশিয়ার হিসেবে চাঁদাবাজি, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত।

প্রাথমিক যাচাই-বাছাইয়ে জানা যায়, মোল্লা রুবেল কিলার বাদলের সঙ্গে যুক্ত একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া আল আমিনের বিরুদ্ধেও চাঁদাবাজির বেশ কিছু অভিযোগ ও মামলা রয়েছে।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, কিলার বাদলের নেটওয়ার্ক সক্রিয় থাকার তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে তাদের অবস্থান শনাক্ত করা হয়। তিনি আরও বলেন, সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সেনাবাহিনী কঠোর অবস্থানে আছে এবং এই নেটওয়ার্কের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত উদ্ধার করা হয়েছে, যা বাদলের সক্রিয় নেটওয়ার্কের সদস্যদের শনাক্তকরণে সহায়ক হবে। গ্রেপ্তারকৃত দুইজনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *