স্বাভাবিক এক্সিট নিয়ে নির্বাচন পরবর্তী দেশেই থাকতে চাই: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা সেইফ এক্সিট চাই না, স্বাভাবিক এক্সিট নিয়েই নির্বাচন পরবর্তী এই দেশেই থাকতে চাই।

আজ (১১ অক্টোবর) শনিবার সকালে রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনের সব প্রস্তুতি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নির্বাচন কমিশনই স্বাধীনভাবে পরিচালনা করছে, সরকার শুধু প্রশাসনিক সহায়তা দিচ্ছে।

ড. খালিদ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে কাজ করছে না। আমাদের লক্ষ্য হচ্ছে— শান্তি, স্থিতিশীলতা ও ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বজায় রেখে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া।

সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হাজী শরীয়ত উল্লাহ, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাদেক হোসেন, রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ, ও জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে মসজিদ, মন্দির, বিহারসহ নানা ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *