পাহাড়ে কোস্ট গার্ডের অভিযান, ৪৪ অপহৃত উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশে অপহৃত নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে নারী, শিশুসহ বিপুল ব্যক্তিকে পিনিস ভাঙ্গা পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে। অভিযানে পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী-শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করে কোস্ট গার্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার হওয়া কয়েকজন জানিয়েছে, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাওয়া এবং বিনা অর্থে পরবর্তী সময়ে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় যেতে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্তানায় নিয়ে জিম্মি করে রেখেছিল। পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোটযোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করেছিল। তারা আরও জানায় যে, পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল।
অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে কোস্ট গার্ড ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *